প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
দেশীয় ফলের হাতছানিতে মুখর বদলগাছী
"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব।মধুমাসের রঙ, স্বাদ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং পুষ্টি সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।উৎসবের প্রদর্শনীতে প্রবেশ করতেই দর্শনার্থীদের স্বাগত জানায় দেশীয় ফলের বর্ণিল সমারোহ। নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদা, করমচা, বেল, আনারসসহ প্রায় ৪২ প্রজাতির মৌসুমি ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় প্রদর্শনী। প্রতিটি ফলের পাশে তুলে ধরা হয় এর পুষ্টিগুণ, চাষাবাদ পদ্ধতি এবং অর্থনৈতিক গুরুত্ব। বইয়ের পাতায় দেখা বহু ফল একসঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর উচ্ছ্বাস।উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল হোসেন সাগর এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম (প্রকৌশলী) রঞ্জন কুমারসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।আয়োজকরা জানান, বিদেশি ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও দেশীয় অনেক সুস্বাদু ও পুষ্টিকর ফল ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। শিশু-কিশোরদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা, ফলভিত্তিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এই আয়োজন। একই সঙ্গে কৃষকদের সঙ্গে ফল সংরক্ষণ, বাজারজাতকরণ এবং দীর্ঘমেয়াদে ফলের বাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বদলগাছীর উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া ফল ও বিভিন্ন ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। ধান, আম, কাঁঠাল ও সবজি উৎপাদনে এ উপজেলার কৃষকেরা ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তারা।মধুমাসের এই ফল উৎসব কেবল একটি প্রদর্শনী নয়! বরং দেশীয় ফলের হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক সচেতনতামূলক প্রয়াস। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়বে, তেমনি কৃষকের উৎপাদিত ফলের বাজারও হবে আরও সমৃদ্ধ।জে/বি/আসিক
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত