প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
আক্কেলপুর মহিলা কলেজে পুকুর ইজারা নিয়ে উত্তেজনা, অধ্যক্ষকে অবরুদ্ধের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর মহিলা কলেজের দুটি পুকুরের ইজারা নিয়ে শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর দপ্তরে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।কলেজ সূত্রে জানা যায়, কলেজের দুটি পুকুর ইজারা দেওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি শিক্ষক মহলে অসন্তোষ দেখা দেয়। কয়েকজন শিক্ষক দাবি করেন, পুকুর ইজারার সিদ্ধান্ত তাঁদের না জানিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনা করতে দুপুরে কয়েকজন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানার কক্ষে যান।এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধ্যক্ষের অভিযোগ, অফিস সহকারীকে কক্ষ থেকে বের করে দিয়ে তাঁকে ভেতরে আটকে রাখা হয়। তবে সংশ্লিষ্ট শিক্ষকরা এ অভিযোগ অস্বীকার করেছেন।পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমান ও আক্কেলপুর থানাকে বিষয়টি জানান। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।শিক্ষক হারুনুর রশিদ বলেন, পুকুর ইজারার বিষয়ে কলেজের সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করা হয়নি। উন্মুক্তভাবে ইজারা আহ্বান করা হলে কলেজ আরও বেশি আর্থিক সুবিধা পেতে পারত। এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা বলেন, কলেজের প্রশাসনিক ও মামলাজনিত ব্যয় মেটাতে পুকুর ইজারা দেওয়া হয়েছে। বিষয়টি কয়েকজন শিক্ষক জানতেন বলেও তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, কয়েকজন শিক্ষক কক্ষে এসে অশালীন আচরণ করেন এবং তাঁকে অবরুদ্ধ করে রাখেন।সহকারী গ্রন্থাগারিক ফারুক আলম চৌধুরী বলেন, তাঁরা শুধু ইজারা বিষয়ে জানতে গিয়েছিলেন, কোনো ধরনের অশোভন আচরণ বা কক্ষে তালা দেওয়ার ঘটনা ঘটেনি।আক্কেলপুর উপজেলা নিবার্হী অফিসার আশিক-উর রহমান জানান, অভিযোগ পেয়ে কলেজে গিয়ে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। তবে অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে পূর্বের মতবিরোধের সঙ্গে পুকুর ইজারার বিষয়টি যুক্ত হয়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত