প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
আক্কেলপুরে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ পাল্টা সংবাদ সম্মেলন করে তার উপর আনিত অভিযোগ অস্বীকার করেছেন।শনিবার (২৭ জুন) বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে হারুনুর রশিদ লিখিত বক্তব্যে দাবি করে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও বিদ্যোৎসাহী সদস্যদের নাম বাদ দেওয়ার অভিযোগের বিষয়ে খোঁজ নিতে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে প্রধান শিক্ষক তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। উল্টো প্রধান শিক্ষক ও তাঁর ভাই তাঁকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।হারুনুর রশিদ আরও বলেন, প্রধান শিক্ষককে মারধর বা জুতাপেটার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয় করার উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অতীতের বিভিন্ন অভিযোগ তদন্তের দাবি জানান।এর আগে শুক্রবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ তাঁর ওপর চাপ সৃষ্টি করেন। তিনি বলেন, গত ১৫ জুন অভিভাবক সদস্য নির্বাচনের সভায় সর্বসম্মতিক্রমে চারজন সদস্য নির্বাচিত হন। পরে তালিকা পরিবর্তন করে নিজের পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চাপ দেওয়া হয়।প্রধান শিক্ষকের দাবি, গত ২১ জুন হারুনুর রশিদসহ কয়েকজন বিদ্যালয়ে এসে নির্বাচনের কাগজপত্র দেখতে চান। তালিকা পরিবর্তনে আপত্তি জানালে হারুনুর রশিদ জুতা খুলে তাঁকে আঘাত করেন এবং হুমকি দেন। পরে তিনি আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও অভিযোগের অনুলিপি পাঠান।এ ঘটনায় শুক্রবার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুর রহমান (ছোয়াত) ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেল স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ইউনিয়ন বিএনপি। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেল বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্য হতে পারে, এমন অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত