প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
সীমানা প্রাচীরের বরাদ্দে ‘রঙের প্রলেপ’ ৪ লাখ টাকার ব্যয়ে অনিয়মের অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সীমানা প্রাচীর নির্মাণ না করে অফিস ভবনে নামমাত্র রং-বার্নিশ ও সীমিত সংস্কার কাজ সম্পন্ন করে পুরো চার লাখ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর নির্মাণের জন্য চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট পরিপত্রে অগ্রাধিকার ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ। পরিপত্রে আরও উল্লেখ রয়েছে, সীমানা প্রাচীর নির্মাণ শেষে অর্থ অবশিষ্ট থাকলে অন্যান্য সংস্কার কাজ করা যাবে এবং কাজ শেষে উদ্বৃত্ত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের অংশ এখনও সম্পূর্ণ উন্মুক্ত। সেখানে কোনো সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে অফিস ভবন ও সরকারি সম্পদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে অফিস ভবনে শুধু রং-বার্নিশ এবং সীমিত কিছু সংস্কারের কাজ করা হয়েছে। স্থানীয়দের দাবি, দৃশ্যমান কাজের ব্যয় বরাদ্দের তুলনায় অনেক কম এবং তা এক লাখ টাকারও বেশি হওয়ার কথা নয়।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, সীমানা প্রাচীর নির্মাণের চেয়ে অফিস ভবনে রং করা এবং কিছু সংস্কার করা বেশি জরুরি ছিল। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বরাদ্দের অর্থ দিয়ে পুরো সীমানা প্রাচীর নির্মাণ সম্ভব ছিল না।এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদারের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে দাবি করেন, নীতিমালা অনুযায়ীই কাজ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট পরিপত্রে সীমানা প্রাচীর নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হলে তিনি বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত