প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
বাড়ির সামনে থেকে দিনের বেলায় গরু চুরি, নদী পার হতে গিয়ে গরুসহ ধরা চোর!
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে বাড়ির সামনে খলিয়ানে বাঁধা একটি গরু দিনের বেলায় চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি। তবে পালাতে পারেননি। পাশের আক্কেলপুর উপজেলার পালশা এলাকায় চিরি নদী পার হওয়ার সময় চোরাই গরুসহ স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। পরে গণপিটুনির পর তাঁকে উদ্ধার করে গরুসহ থানায় নিয়ে যায় পুলিশ। আজ শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে নুর আলম (৫৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার হানাইল দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার গরু চোর। তাঁর বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনে খলিয়ানে দুটি গরু বেঁধে রাখেন। প্রায় দুই ঘণ্টা পর একটি গরু দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে গরুটি নিয়ে চোর চিরি নদী পার হয়ে আক্কেলপুর উপজেলার পালশা গ্রামে পৌঁছান।নদী পার হওয়ার সময় গরুসহ অপরিচিত এক ব্যক্তিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা গরুর মালিকানা জানতে চাইলে তিনি গরুটি নিজের বলে দাবি করেন। এরই মধ্যে মহব্বতপুর গ্রাম থেকে একটি গরু চুরির খবর সেখানে পৌঁছে যায়। স্থানীয়রা রুহুল আমিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে গরুটি নিজের বলে শনাক্ত করেন।এরপর উত্তেজিত জনতা নুর আলমকে আটক করে মারধর করেন। খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চোরাই গরুসহ থানায় নিয়ে আসে।গরুর মালিক রুহুল আমিন বলেন, প্রতিদিনের মতো সকালে গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির সামনে খলিয়ানে বেঁধে রেখেছিলাম। পরে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর এসে দেখি একটি গরু নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি, পাশের আক্কেলপুর উপজেলার পালশা গ্রামে গরুসহ একজনকে আটক করা হয়েছে। সেখানে গিয়ে আমার গরুটি শনাক্ত করি।পালশা গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বলেন, অপরিচিত একজনকে গরু নিয়ে নদী পার হতে দেখে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে গরুসহ তাঁকে নিয়ে যায়।আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ক্ষেতলাল থানা এলাকায় দিনের বেলায় বাড়ির সামনে থেকে একটি গরু চুরি হয়েছিল। আমরা চোরাই গরুসহ অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা হবে। পরে অভিযুক্ত ও উদ্ধার হওয়া গরু ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত