প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
ক্ষেতলালে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বাধ্যতামূলক মান সনদ ছাড়া ব্রেড ও কেক তৈরি ও বাজারজাত করার দায়ে দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, ক্ষেতলাল এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে মায়া বেকারি ও রাখি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি সঠিক উৎপাদন প্রক্রিয়া অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠান দুটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদ ছাড়াই ব্রেড ও কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল।এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিশ্চিন্তা বাজারের মায়া বেকারিকে ১০ হাজার টাকা এবং রাখি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত