প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
জয়পুরহাটে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ২৭২ জন, ল্যাবে শনাক্ত ৪
জয়পুরহাট জেলায় হাম রোগের লক্ষণ নিয়ে এ পর্যন্ত মোট ২৭২ জন রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে এসেছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৪ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত জেলায় হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (২৭ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন।তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩ জন সন্দেহভাজন হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে।হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, জয়পুরহাট জেলা হাসপাতালেই সবচেয়ে বেশি সন্দেহভাজন ১৮৯ রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। পাঁচবিবি উপজেলায় ৪২ জন, ক্ষেতলাল উপজেলায় ২১ জন, আক্কেলপুর উপজেলায় ১২ জন, কালাই উপজেলায় ৫ জন এবং জয়পুরহাট সদর উপজেলায় ৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। তবে জয়পুরহাট পৌরসভা এলাকায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন রোগী পাওয়া যায়নি।ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত রোগীর তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, এ বছর কালাই উপজেলায় ২ জন, আক্কেলপুর উপজেলায় ১ জন এবং জয়পুরহাট জেলা হাসপাতালে ১ জনসহ মোট ৪ জনের দেহে হাম নিশ্চিত হয়েছে। রোগ সনাক্তকরণে এ বছর জেলা থেকে মোট ৭৩টি সিরাম নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচবিবি উপজেলা থেকে সর্বোচ্চ ৩৪টি, ক্ষেতলাল থেকে ১৩টি, কালাই থেকে ১১টি, আক্কেলপুর থেকে ৯টি, জয়পুরহাট সদর থেকে ৪টি এবং পৌরসভা থেকে ২টি সিরাম পাঠানো হয়।সিভিল সার্জন ডা. আল মামুন বলেন, এ বছর ল্যাবে পরীক্ষার জন্য এ পর্যন্ত ৭৩টি সিরামের নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট চারজন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে ল্যাব রিপোর্টে প্রমাণিত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।তিনি বলেন, বর্তমানে জেলায় হামের প্রায় ১৩৫০ ভায়াল অর্থাৎ ৬ হাজার ৭৫০ ডোজ টিকা মজুত রয়েছে। শিশুদের জন্য ১৯ হাজার ৮০০ ডোজ লাল এবং ৮ হাজার ডোজ নীল রঙের ‘এ’ ভিটামিন ক্যাপসুলও মজুত রাখা হয়েছে।জ্বর, চোখ লাল হওয়া, সর্দি-কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি বা দানা দেখা দিলে অবিলম্বে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত