প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক, গাঁজা, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এসব জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ৬৫ হাজার ৩৩৫ টাকা।রোববার (২ আগস্ট) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন চান্দেরহাট বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নওডাঙ্গা কালঞ্চা এলাকায় অভিযান চালিয়ে মো. হাছান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।আটক হাছান আলীর বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কালঞ্চা গ্রামে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদক ও বাইসাইকেলের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।এদিকে, এর পরদিন গতকাল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে একই এলাকার নওডাঙ্গা কালঞ্চায় আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। অভিযানের সময় সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যায়।বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও মোটরসাইকেল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত