প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
খাল খননে নকশা এক, মাঠের চিত্র আরেক
জয়পুরহাটের কালাই উপজেলার কানমনা- হারাবতী খাল পুনঃখনন প্রকল্পে একই খালের জন্য দুই দফায় ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার টাকা সরকারি বরাদ্দ দেওয়া হলেও অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না করা,শ্রমিকের পরিবর্তে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার, কার্যাদেশে উল্লেখিত রেফারেন্স বেড ব্লক (RBB) ও টেম্পোরারি বেঞ্চ মার্ক (TBM) নির্মাণ না করা এবং কাগজে ১৮০ শ্রমিক দেখানোর অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি,নিম্নমানের কাজের কারণে সরকারি অর্থ ব্যয় হলেও প্রকল্পের উদ্দেশ্য পূরণ হয়নি।উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)‘টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রোয়াইর সুইচগেট থেকে বানদীঘি পর্যন্ত প্রায় ১০ কিমি খাল পুনঃখননের জন্য ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।প্রকল্পটির উদ্বোধন হয় ২০২৪ সালের ৩১ মার্চ।এরপর একই খালের কাজের জন্য ২০২৫ -২৬ অর্থবছরে এলজিইডির আওতায় কানমনা- হারাতী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে সাঁতাহার গ্রামের হারাবতী খালের সংযোগ থেকে ইন্দাহার গ্রাম পর্যন্ত এবং বানদীঘি ব্রিজ থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্ত পর্যন্ত প্রায় ৭১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।দ্বিতীয় দফার কাজ চলতি বছরের ১৫ মার্চ শুরু হয়ে ৩১ মে শেষ হওয়ার কথা ছিল।ফলে একই খালের জন্য দুই দফায় প্রায় ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার টাকা সরকারি অর্থ ব্যয় করা হয়েছে।কার্যাদেশ অনুযায়ী খালের উপরিভাগের প্রস্থ ২২ থেকে ৩২ ফুট,তলদেশের প্রস্থ ১০ থেকে ১২ ফুট এবং গভীরতা ৮ দশমিক ৫ থেকে ১১ ফুট রাখার কথা।পাশাপাশি ১৩টি RBB ও ২৬টি TBM নির্মাণের নির্দেশনা ছিল।তবে সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ স্থানে খালের গভীরতা মাত্র প্রায় ৬ ফুট, উপরিভাগের প্রস্থ ১৬ থেকে ১৮ ফুট এবং তলদেশের প্রস্থ প্রায় ৮ ফুট।কোথাও শুধু উপরের পলি সরিয়ে কাজ শেষ দেখানো হয়েছে।প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ডও পাওয়া যায়নি। কার্যাদেশে উল্লেখিত RBB ও TBM-এরও কোনো অস্তিত্ব মেলেনি।স্থানীয়দের অভিযোগ,প্রকল্পের অন্তত ৫০ শতাংশ কাজ শ্রমিক দিয়ে করার শর্ত থাকলেও পুরো কাজই ৬টি ভেকু মেশিন দিয়ে করা হয়েছে।এতে স্থানীয় দিনমজুররা কাজ থেকে বঞ্চিত হয়েছেন। অনুসন্ধানে আরও জানা গেছে,কাগজে ১৮০ জন শ্রমিকের তালিকা জমা দেওয়া হলেও মাঠে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।এছাড়া সরকারি অনুমতি ছাড়াই খালের দুই পাড়ের মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগও উঠেছে।মাত্রাই মুন্নাপাড়া গ্রামের রুহুল আমিন বলেন, ইস্টিমেট অনুযায়ী কাজ হয়নি।শুধু কিছু জায়গার মাটি তুলে ও ঘাস পরিষ্কার করে কাজ শেষ দেখানো হয়েছে।একই গ্রামের মোনোয়ার হোসেন বলেন, ৬টি ভেকু চালিয়ে গরিব শ্রমিকদের কাজ থেকে বঞ্চিত করা হয়েছে।কয়েক মাসের মধ্যেই খাল আবার ভরাট হয়ে যাবে।প্রকল্পটির তদারকি কর্মকর্তা ও এলজিইডির সহকারী প্রকৌশলী আবু জাফর বলেন,শ্রমিক ব্যবহার করা হয়নি তো কি হয়েছে!৬টি ভেকু মেশিন দিয়েই কাজ করা হয়েছে।ইতোমধ্যে ৫৫ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে। তবে RBB ও TBM না থাকার বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কানমনা-হারাবতী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,সরকারি নকশা অনুযায়ী কাজ হয়েছে।স্থানীয় বাস্তবতার কারণে কিছু জায়গায় সামান্য সমন্বয় করা হয়েছে।কালাই উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, চূড়ান্ত বিল দেওয়ার আগে পোস্ট-ওয়ার্ক মেজারমেন্ট করা হবে।কোথাও কাজ কম হলে বিল কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত