প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
ধুনটে নিহত প্রবাসীর বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও
বগুড়ার ধুনটে সৌদি আরবে রহস্যজনকভাবে নিহত প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জোড়শিমুল গ্রামের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ধুনট থানার সামনে এসে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা ধরে থানার প্রধান ফটকে অবস্থান করে তারা দফায় দফায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের হতদরিদ্র জামাল আকন্দের ছেলে দিনমজুর শাহাদত হোসেন প্রায় ছয় মাস আগে স্থানীয় আদম ব্যবসায়ী মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে সৌদি আরবে যান। সেখানে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। পরে নানা চেষ্টা শেষে বুধবার রাতে শাহাদতের মরদেহ দেশে এনে জোড়শিমুল গ্রামে নেওয়া হয়।বৃহস্পতিবার সকালে মরদেহ দাফন শেষে নিহতের স্বজন ও এলাকাবাসী জোড়শিমুল গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধুনট থানার সামনে পৌঁছায়। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভকারীরা শাহাদত হোসেনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, তার পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত