প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় নগদহীন আর্থিক ব্যবস্থাকে জনপ্রিয় করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা, সচেতনতামূলক র্যালি এবং বাংলা কিউআর ভিত্তিক ক্যাশলেস বুথ উদ্বোধন।সোমবার সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মাসুদ, চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ওয়াইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি শাখার সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ হালিম, ব্যবস্থাপক, পূবালী ব্যাংক মাটিরাঙ্গা উপশাখা।মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ক্যাশলেস বা নগদহীন লেনদেন শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহার নয়; এটি নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত আর্থিক সেবার অন্যতম কার্যকর মাধ্যম। তারা ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ জনগণকে বাংলা কিউআরসহ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনসচেতনতামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।বক্তারা আশা প্রকাশ করেন, মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার প্রতি আস্থা ও আগ্রহ বৃদ্ধি করবে এবং ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত