প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিবিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৫২ হাজার ১০০ টাকা।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাতে এবং মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।প্রথম অভিযানে সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীন মৌচোষা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/৫-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া লিচুবাগান এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এরপর রাত ১১টা ২০ মিনিটে ৪২ বিজিবির বৈরচুনা বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৫/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।অন্যদিকে, মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটে ৪২ বিজিবির পার্বতীপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত পিলার ৩৪৪/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোচাল এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত