প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
নিরাপত্তাকর্মীর মেয়ের সাফল্যে পূবালী ব্যাংকের সংবর্ধনা
বাবা ব্যাংকের নিরাপত্তাকর্মী। প্রতিদিন মানুষের আমানত ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর দায়িত্ব। সেই বাবার বড় মেয়ে মিস রিয়া আক্তার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ ৪.২৮ পেয়ে কৃতিত্ব দেখিয়েছে। মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা-মা। আর এই অর্জনকে উৎসাহ দিতে রিয়াকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি, আক্কেলপুর উপশাখা।রিয়া আক্তার নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মো. রাশেদ রানার মেয়ে। রাশেদ রানা পূবালী ব্যাংক পিএলসি, আক্কেলপুর শাখায় কোম্পানি সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দিয়ে আসছেন তিনি।রিয়ার সাফল্য উপলক্ষে মঙ্গলবার পূবালী ব্যাংক আক্কেলপুর উপশাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। এ সময় শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।রিয়ার বাবা মো. রাশেদ রানা বলেন, ‘আমি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করি। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। মেয়ের ফলাফলে আমি খুবই আনন্দিত। ব্যাংকের পক্ষ থেকে মেয়েকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়ায় আমরা আরও উৎসাহিত হয়েছি।’রিয়া জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। পরিবারের পাশাপাশি যারা তার সাফল্যে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে।ব্যাংক কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কর্মীদের সন্তানদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবেই এ সংবর্ধনা ও পুরস্কারের আয়োজন করা হয়েছে।পূবালী ব্যাংক আক্কেলপুর উপশাখার শাখা ব্যবস্থাপক ওয়ারেছ আলী বলেন, ‘রিয়ার সাফল্য আমাদের জন্যও আনন্দের। তার বাবা আমাদের প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন কর্মীর সন্তানের এমন সাফল্যকে আমরা উৎসাহ হিসেবে দেখছি। আমরা চাই, রিয়া ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে উচ্চশিক্ষায় এগিয়ে যাক এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।’
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত