প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী বিএনপির স্বজন ও ছাত্রলীগের নেতাদের নাম
মেধার ভিত্তিতে নিয়োগ ভাইভার পরীক্ষা আগে এমন প্রত্যাশাই ছিল চাকরিপ্রার্থীদের। কিন্তু হবিগঞ্জের লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ফল প্রকাশের পর সেই প্রত্যাশাই এখন প্রশ্নের মুখে। প্রকাশিত তালিকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ছেলে-মেয়ে, ভাই-বোন ও স্ত্রীসহ স্বজনদের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নাম থাকার অভিযোগ উঠেছে। বাদ পড়েছেন অনেক যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় কর্মী। ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র ক্ষোভ। সবচেয়ে গুরুতর অভিযোগ নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় ও প্রভাবশালী মহলের সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফল ও স্থানীয়দের দেওয়া তথ্য পর্যালোচনায় লাখাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মতিউর রহমানের ছেলে তারেক মিয়ার সুপারভাইজার পদে নির্বাচিত হওয়ার অভিযোগ উঠেছে। বামৈ ইউনিয়নের সুপারভাইজার পদে স্থান পাওয়া বদরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান,বদরুল আলম ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মুড়িয়াউক ইউনিয়নেও ছাত্রলীগের সাবেক এক সহ-সভাপতি তথ্য সংগ্রহকারী পদে স্থান পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি বুল্লা, করাব ও মুড়িয়াউক ইউনিয়নে স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের স্ত্রী, ছেলে-মেয়ে ও অন্যান্য স্বজনদের নিয়োগ দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। নিয়োগ তালিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের স্বজনদের নাম ঘিরে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের ছেলে-মেয়ে, ভাই-বোন ও স্ত্রীদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্থান দেওয়া হয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন একদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ, অন্যদিকে ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের বাইরে থাকা বিএনপি নেতাদের স্বজনদের নিয়োগ তাহলে প্রকৃত মেধাবীরা কোথায়? নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থী এমডি কিবরিয়া আহমেদ। তার ভাষ্য, উপজেলা সমাজসেবা অফিসে ভাইভা দিতে গিয়ে তিনি জানতে পারেন, ৫৪ জন নিয়োগের বিপরীতে আগেই ৫৫ জনকে নির্বাচন করা হয়েছে।তার অভিযোগ, উপর মহলের সিদ্ধান্তেই যদি লোক বাছাই হয়ে থাকে, তাহলে পরীক্ষা ও ভাইভার নামে সাধারণ চাকরিপ্রার্থীদের ডেকে এনে হয়রানি করার প্রয়োজন কী? কিবরিয়া আহমেদ তার বক্তব্যের সমর্থনে হেলাল আরফিন শুভ নামে একজন প্রত্যক্ষদর্শীর কথা উল্লেখ করেছেন। শুভ ওই বৈষম্যের প্রতিবাদ জানিয়েছিলেন বলেও দাবি করা হয়। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ক্ষোভের পোস্ট দেওয়া হচ্ছে। আলী আহমদ নামে একজন অভিযোগ করেন, মুড়িয়াউক পশ্চিমপাড়ার একটি নির্দিষ্ট এলাকা থেকেই পাঁচজনকে সুযোগ দেওয়া হলেও সুনেশ্বর ও তেঘরিয়ার নাম বাদ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিএনপি পরিবারের সদস্যদের রিজার্ভ তালিকায় রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাফুজ্জামান চৌধুরী রাজন প্রশ্ন তোলেন নির্বাচনের সময় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; এখন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে ছাত্রলীগের সাবেক সভাপতি কীভাবে সুপারিশপ্রাপ্ত হন? যুবদল নেতা এস কে আরিফের অভিযোগ, মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয় ও স্বজনপ্রীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার প্রশ্ন স্বজনদেরই যদি নিয়োগ দিতে হয়, তাহলে ভাইভার পরীক্ষার নামে চাকরি প্রার্থীদের হয়রানি কেন? অভিযোগের বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষা সঠিকভাবে হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম করা হয়নি। লাখাইয়ের মানুষের প্রশ্নএখন একটাই ফ্যামিলি কার্ড’ যদি সাধারণ মানুষের জন্য হয়, তাহলে এর নিয়োগে কেন রাজনৈতিক পরিবার ও স্বজনদের প্রাধান্য থাকবে?
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত