প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
দুপচাঁচিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
"নিরাপদ মাছ উৎপাদন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রবিবার (১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট)পর্যন্ত ১৫ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান খায়েজ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী এবং স্থানীয় মৎস্য চাষী মোখলেছার রহমান ভুট্টু।বক্তারা বলেন, আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব।আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। ১৫ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও চাষীদের মাঝে সচেতনতামূলক পরামর্শ সেবা প্রদান করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত