প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। রোববার (১৬ আগস্ট) সকালে সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে।পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে একটি বাড়ির পার্শ্বে দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখে।রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি ফরহাদ আলী।তিনি বলেন, সকালে এ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন।পরে বিশেষজ্ঞ দল পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে বস্তু দুটি সেখানে কে বা কারা রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নজরদারিতে রেখেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত