প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
রায়পুরায় বিএনপির নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ,সংঘর্ষে আহত ৭
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়া মাসুদের বাড়িতে ককটেল নিক্ষেপ এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার হাসিমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।এর আগে মঙ্গলবার সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে একটি মানববন্ধনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) নরসিংদী আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত চেয়ারম্যান ফারুক হোসেন আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে তার সমর্থক নারী-পুরুষেরা মানববন্ধন করেন। এ সময় রায়পুরা উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হলে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে দুপুরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে চেয়ারম্যান ফারুক হোসেনের বাড়ির দিক দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে।এই সংঘর্ষে রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, রিমন আহম্মদ এবং জাহাঙ্গীর আলমসহ অন্তত সাতজন নেতাকর্মী আহত হন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।এই সময় চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ীতে ও হামলার অভিযোগ করেন তার স্বজনরাঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম জানান, সংঘর্ষের পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত