প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
বোয়ালমারীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারীতে একটি মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার (২২ আগস্ট) ভোরে পৌরসদর বাজারের থানা সংলগ্ন মোড়ের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়। পুলিশ মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানতে পারে, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। পুলিশ জানায়, নিচে পড়ে যাওয়ার সময় তার পরনে পায়জামা ছিল না। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই নারী ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা নেওয়া হবে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত