প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
মান্দায় দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা,সংস্কারের দাবি
নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে মাত্র দেড় কিলোমিটার সড়ক যেন দীর্ঘদিনের দুর্ভোগের প্রতিচ্ছবি। চকশৈল্যা বাজার থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হয়ে চককানদেব বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় ১০ থেকে ১১টি গ্রামের মানুষ।দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ পথচারীরা। স্থানীয়দের দাবি, বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এখন দ্রুত সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা এলাকাবাসীর।নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হয়ে চককানদেব বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক। স্থানীয়দের কাছে এটি শুধু একটি রাস্তা নয়—প্রায় ১০ থেকে ১১টি গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদ, বাজার ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ আরও বেড়ে যায়। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ছোট-বড় যানবাহন ও পথচারীদের।স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে এই সড়কের উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জীবনের প্রায় ৫০ বছর পার হলেও তারা এই রাস্তার স্থায়ী উন্নয়ন দেখতে পাননি।বিশেষ করে অসুস্থ রোগী, শিক্ষার্থী, কৃষক ও বয়স্ক মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েক হাজার মানুষ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত