প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ভাদ্রের তীব্র গরমে দুপচাঁচিয়ায় ডাবের দাম আকাশচুম্বী
ভাদ্রের তীব্র দাবদাহ ও হাঁসফাঁস করা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার দুপচাঁচিয়ার জনজীবন। এক ফোঁটা স্বস্তির আশায় তৃষ্ণার্ত মানুষ ঝুঁকছেন ডাবের পানির দিকে। তবে চরম চাহিদাকে পুঁজি করে হঠাৎ করেই বেসামাল হয়ে উঠেছে স্থানীয় ডাবের বাজার। মাত্র কয়েক দিনের ব্যবধানে আকারভেদে প্রতিটি ডাবের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ফলে সাধ্যের বাইরে চলে যাওয়ায় ডাব কিনতে এসে পকেটে টান পড়ছে সাধারণ ক্রেতাদের।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পয়েন্টে ঘুরে ডাবের বাজারদর ও বিক্রির এই অস্বাভাবিক চিত্র দেখা গেছে।উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচাবাজার, উপজেলা রোড, মেইলস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, তালোড়া, চৌমুহনী ও সাহারপুকুর বাজার এবং বিভিন্ন শপিংমলের সামনের ভ্রাম্যমাণ দোকানগুলোতে ছোট আকারের ডাব: আগে বিক্রি হতো ১৩০-১৪০ টাকায়, বর্তমানে তা ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ও বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। কিছু স্থানে বিশেষ আকারের ডাবের দাম হাঁকা হচ্ছে আরও বেশি।হঠাৎ দাম বৃদ্ধির পেছনে পাইকারি বাজারে সরবরাহ ঘাটতি ও তীব্র গরমে হঠাৎ চাহিদা বৃদ্ধিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। সিও অফিস রোড এলাকার ডাব বিক্রেতা শহিদুল বলেন, আমরা ইচ্ছে করে দাম বাড়াচ্ছি না। পাইকারি বাজারেই এখন ডাবের চরম সংকট ও বাড়তি দাম। পরিবহন খরচ এবং পচনজনিত লোকসান পুষিয়ে নিতে আমাদের কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।ব্যবসায়ীদের তথ্যমতে, চলতি মৌসুমে গাছে ডাবের ফলন ও সরবরাহ তুলনামূলক কম। তার ওপর তীব্র গরমের প্রভাবে চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ায় বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। আমদানির স্বাভাবিক প্রবাহ না ফেরা পর্যন্ত ডাবের দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা। অন্যদিকে, তাপদাহের মধ্যে পানির তৃষ্ণা মেটাতে এসে চড়া দামের কারণে শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত সাধারণ মানুষকে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত