প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ক্ষেতলালে মাদকসহ গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে নুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ৫৭এম/২৬ নম্বর মামলায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।জানা গেছে, নুর আলমের বিরুদ্ধে এর আগেও মাদকসেবনের অভিযোগে মামলা ও সাজা হওয়ার তথ্য রয়েছে। এর আগে একই মালীপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল। দন্ডপ্রাপ্ত নূর আলম ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত