দেশের পথে তারেক রহমান?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবনতি ঘিরে দেশজুড়ে উদ্বেগ–উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন, দিনভর এমন গুঞ্জনে সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।দায়িত্বশীল কোনো সূত্র আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের বক্তব্য, কূটনৈতিক মহলের অভিব্যক্তি ও বিমানবন্দরের বাড়তি নিরাপত্তা পরিস্থিতির কারণে জল্পনা আরও তীব্র হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, তারেক রহমান শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হয়েছেন। কাতারের যাত্রী তালিকায় একজন ভিআইপি থাকার তথ্যও গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি মোতায়েনসহ এভারকেয়ার হাসপাতালেও তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। হাসপাতালের আশপাশে সেনাবাহিনীর হেলিকপ্টার অবতরণের মহড়ার খবরও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে—নেতা-কর্মীদের ভিড় এড়াতে তারেক রহমান সরাসরি হেলিকপ্টারে করে হাসপাতালে যেতে পারেন।বিএনপির শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি ‘সময়ের ব্যাপার’। তবে নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে তারা অনীহা প্রকাশ করেছেন। দলের ভেতরে কৌশলগত কারণে ফেরার সময় গোপন রাখা হচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।তারেক রহমানের ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা নেই।”আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাও একই ধরনের মন্তব্য করেছেন। তারা জানিয়েছেন, পাসপোর্ট না থাকলেও একদিনেই ওয়ান-টাইম ট্রাভেল পাস দেওয়া সম্ভব। ফলে তার দেশে ফেরায় আইনি জটিলতা নেই।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যাবে কি না—বিদেশি বিশেষজ্ঞ ও মেডিকেল বোর্ডের মতামতের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা যদি বলেন—দেশের বাইরে নেওয়ার মতো অবস্থা নেই, তাহলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। আর যদি বিদেশে নেওয়ার পরামর্শ আসে, তবে লন্ডন হবে প্রথম অগ্রাধিকার; প্রয়োজন হলে সিঙ্গাপুরও বিবেচনায় থাকবে।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে। তাঁর নিরাপত্তায় বিশেষ বাহিনী এসএসএফ নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, লিভার, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। বুকে সংক্রমণ ধরা পড়ায় গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে থাকা প্রায় শখানেক মামলার মধ্যে পাঁচটিতে সাজা হয়েছিল, যা পরবর্তী আইনি প্রক্রিয়ায় বাতিল হয়েছে। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বিএনপি এসব মামলাকে দাবি করে আসছিল।গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে নীরব প্রস্তুতি, দলের নেতাদের ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং নিরাপত্তা তৎপরতা বিশ্লেষণ করলে রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
সরকার–বিএনপি–বিশেষজ্ঞ, সবার বক্তব্যের মাঝেই উত্তরটি আপাতত সময়ের উপরই নির্ভরশীল।