আজ থেকে শুরু ভোটের প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা। সরকারিভাবে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, আজ বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভিডিওবার্তার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।তথ্যবিবরণীতে আরও বলা হয়, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং গণভোটের ধারণা সম্পর্কে তথ্য দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের মতে, জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে এমন জনসংযোগমূলক প্রচারণা ভোটারদের আগ্রহ ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।