মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ট্রাইব্যুনালে আনা হলো ১৩ সেনা কর্মকর্তাকে
মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় আটক ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি প্রিজন ভ্যানে করে তাঁদের আদালতে আনা হয়।প্রথম মামলাটি টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)–এ গুম করে রাখার অভিযোগকে কেন্দ্র করে করা হয়েছে। এ মামলায় মোট ১৭ জনকে আসামি করা হলেও বর্তমানে ১০ জন গ্রেপ্তার অবস্থায় আছেন। গ্রেপ্তার আসামিরা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম সাত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং শেষ তিনজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁদেরই আজ আদালতে হাজির করা হয়।এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন আসামি এখনো পলাতক।দ্বিতীয় মামলাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)–এ গুম করে রাখার অভিযোগে করা হয়েছে। এতে মোট ১৩ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে তিনজন গ্রেপ্তার আছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডিজিএফআই–এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।এই তিনজনকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১০ আসামি পলাতক রয়েছেন। এর আগে গত ২২ অক্টোবর গ্রেপ্তার আসামিদের এক দফায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।