সকালে পুকুরে ছিল জীবন্ত মাছ। কীটপতঙ্গ দমনের জন্য পানিতে কীটনাশক দেওয়ার কিছুক্ষণ পরই একে একে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। পরে পুকুরজুড়ে দেখা যায় শুধু মরা মাছ। নাটোরের গুরুদাসপুরে এমন ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় মো. মোনায়েফ হোসেনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. খায়রুল ইসলাম রনি (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাগুরীয়া এলাকায় মোনায়েফ হোসেনের বাড়িতে কীটনাশকের দোকান রয়েছে। একই গ্রামের মো. মকবুল হোসেন একটি পুকুরে মাছ চাষ করেন। ওই পুকুরে ১ কেজি ৫০০ গ্রাম থেকে শুরু করে ৫ কেজি ওজনের সিলভার, ব্রিকেট, সিলভাব, রুই, কাতলা ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের কীটপতঙ্গ ধ্বংসের জন্য মকবুল হোসেন মোনায়েফের দোকানে যান। অভিযোগে বলা হয়েছে, এ সময় মোনায়েফ তাকে ‘ডুমেট-১০ ইসি’ (ফেনপ্রোপাথ্রিন) নামের একটি কীটনাশক দেন। পাশাপাশি এটি মাছ চাষের পুকুরে কীটপতঙ্গ ধ্বংসে কার্যকর বলেও জানান।
পরে সকাল ৯টার দিকে মকবুল হোসেন ওই কীটনাশক পুকুরের পানিতে প্রয়োগ করেন। অভিযোগ অনুযায়ী, কীটনাশক প্রয়োগের কিছুক্ষণ পর তিনি গোসল শেষে পুকুরে গিয়ে দেখতে পান, মাছগুলো মরে পানিতে ভেসে উঠছে। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরে অসংখ্য মরা মাছ দেখতে পান।
অভিযোগকারী খায়রুল ইসলাম রনি বলেন, পুকুরে কীটপতঙ্গ দমনের জন্য মোনায়েফের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই কীটনাশক নেওয়া হয়েছিল। কিন্তু সেটি প্রয়োগের পর পুকুরের মাছ মারা যায়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
অভিযোগপত্রে মো. শাহীন, মো. আব্দুল গফুর ও মো. রুহুলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কীটনাশক ব্যবসায়ী মোনায়েফ হোসেন। তিনি বলেন, ‘আমার কাছ থেকে যে কীটনাশক চেয়েছে, সেটাই দিয়েছি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আমার দোষ কোথায়?’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে কীটনাশকটি পুকুরে প্রয়োগের উপযোগী ছিল কি না এবং মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন